কৃষি উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। কৃষিক্ষেত্রে সমবায় পদ্ধতি যুগান্তকারী অবদান রাখতে পারে। কৃষকরা সমবায়ী হলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের মনোবলও বৃদ্ধি পাবে। একতার মূলমন্ত্রে উজ্জীবিত হলে কৃষক সমাজ আর্থসামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সমবায় হলো অনেকে মিলে বা যৌথভাবে কাজ করা। সমবায় সমিতি গঠন করে অনেক বড় কাজ করা যায়। সবার সমান অধিকার ও অংশগ্রহণ দ্বারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে সবার প্রচেষ্টা একত্রিত করা হয় তাকে সমবায় প্রতিষ্ঠান বলে। সমবায় সমিতির সদস্যরা সমবায়ী নামে পরিচিত।
সমবায়ের মূলকথা একতাই বল। নিজের পৃথক অস্তিত্বকে উপেক্ষা করে অপরের সঙ্গে এক হয়ে যাওয়ার নামই একতা। একতাবদ্ধ থাকলে শক্তি বৃদ্ধি পায়, মনে সাহস সৃষ্টি হয় এবং জীবনের সাফল্য অনিবার্য হয়ে ওঠে। জাতীয় সংহতি বা একতা জাতিকে শক্তিশালী করে তোলে। এতে জাতীয় উন্নতির পথ সুগম হয়। সভ্যতার অগ্রগতির পেছনেও কাজ করছে একতাবোধ। তাই ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’Ñ এই প্রবাদ বাক্যে একতার প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। একতার মাঝেই জাতি তথা বিশ্বের মুক্তি ও কল্যাণ নিহিত।
প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার পালিত হয় আন্তর্জাতিক সমবায় দিবস। ২০০৪ সালের ৮২তম আন্তর্জাতিক সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুষম বিশ্বায়নে সমবায় : সকলের জন্য অবারিত সুযোগ সৃষ্টি’। ২০০৪ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে ১,৪৭,৫৯০টি সমবায় সমিতি রয়েছে। সরকারের সফল প্রচেষ্টায় সমবায় প্রতিষ্ঠানগুলো স্বতঃপ্রণোদিতভাবে মূলধন গঠন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।
কিছু কিছু অসাধু ব্যক্তি সমবায় সমিতি নিবন্ধনের মাধ্যমে দেশের দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ না করে সরকারি ঋণ বা অনুদান গ্রহণ, জমি, জলমহাল ও হাটবাজার ইজারা নিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। এতে করে দারিদ্র্যপীড়িত সমবায়ী জনগণের জীবনযাপনের মান উন্নত না হওয়ায় সমবায় অঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।
সমবায়ের সুবিধাগুলো : ১. সমবায়ের মাধ্যমে সহজে নিজেদের উন্নতিসহ এলাকার উন্নয়নমূলক কাজ করা যায়, ২. আর্থিক সচ্ছলতা আনয়ন করা যায়, ৩. শ্রমজীবী মানুষ একজনের পক্ষে যে কাজ সম্ভব নয়, সমবায়ের মাধ্যমে দশ জনের পক্ষে সে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়, ৪. সমবায়ের সদস্যদের এবং বেকার লোকদের কর্মসংস্থান হয়, ৫. সমবায়ের মাধ্যমে সমবায়ের সদস্যরা সঞ্চয়ে উৎসাহী হয়, ৬. সমবায়ের মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সমবায়ের মূলনীতিসমূহ : ১. অবাধ ও স্বতঃপ্রবৃত্ত সদস্যপদ, ২. গণতান্ত্রিক ব্যবস্থাপনা, ৩. সমিতির তহবিলে সদস্যদের অংশগ্রহণের পরিমাণ যাই হোক না কেন, তাদের সবারই অধিকার সমান থাকবে, ৪. উদ্বৃত্ত অংশে সব সদস্যেরই অধিকার থাকবে, ৫. সমিতির সদস্যগণকে নিয়মিতভাবে সমবায় শিক্ষাদানের ব্যবস্থা করা, ৬. সদস্যদের পরস্পরের মধ্যে সহযোগিতার স্পৃহা জাগরূক রাখা।
বাংলাদেশের প্রায় সব পেশার লোকদের সমিতি বা সংঘ রয়েছে। অথচ কৃষকদের মধ্যে সংঘ বা সমিতি চেতনা এখনো খুবই কম। সমবায় খামার গড়ে তোলার প্রবণতা ও মানসিকতার অভাবের কারণে কৃষির আধুনিকায়ন ও কৃষির যান্ত্রিকীকরণ করা সম্ভব হয় না। কৃষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য যৌথ খামার প্রবর্তন করা দরকার। সমবায়ের নীতি অনুসারে যার জমি তারই থাকবে, কেবল সকলে একত্রে কাজ করবে ও উৎপাদিত ফসল প্রত্যেকের জমি অনুপাতে ভাগ করে নেবে। এই পদ্ধতি অনুুসরণ করা হলে ভূমির খন্ডবিখন্ডতা হ্রাস পাবে এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হওয়ায় উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
সমবায় পদ্ধতিতে কৃষকরা স্বেচ্ছায় নিজেদের জমি একত্রিত করে যৌথভাবে চাষাবাদ করেন। জমির উর্বরতা ও পরিমাণ অনুসারে কৃষক উৎপাদিত ফসলের অংশ পাবেন। সমবায়ের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক, উত্তম বীজ প্রভৃতি সংগ্রহ এবং প্রয়োজনমতো সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা করে উন্নত চাষাবাদের ব্যবস্থা করা যায়। সরকার সমবায় খামারের ওপর বেশ গুরুত্ব আরোপ করেছে। কোথাও কোথাও ইতোমধ্যেই সমবায় খামার স্থাপনের মাধ্যমে অত্যন্ত সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
বাংলাদেশের কৃষিতে সমবায়ের ভিত্তিতে চাষাবাদের ব্যবস্থা করলে কৃষকরা আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করে জমি আবাদ করতে সক্ষম হবেন। ফলে একরপ্রতি ফলন বৃদ্ধি পেয়ে কৃষি সমস্যার অনেকটা সমাধান হবে। তাই বাংলাদেশের কৃষিব্যবস্থার উন্নয়নকল্পে এ দেশের সর্বত্র সমবায়ের ভিত্তিতে জমিজমা আবাদের ব্যবস্থা করতে হবে।
আমাদের দেশে সমবায় আন্দোলনের প্রয়োজনীয়তা খুবই বেশ।ি কিন্তু অশিক্ষা, অব্যবস্থা ও অসাধুতার দরুন সমবায় তেমন সফলতা লাভ করেনি। কৃষক সমাজে সমবায়ের চেতনা না থাকার কারণে যৌথ উদ্যোগে কৃষিকাজ করা অনেকটা কঠিন। কেউ কেউ সমবায়ের প্রতি নেতিবাচক ধারণাও পোষণ করে থাকেন। দল বেঁধে কাজ করাকে অনেক সময় ভালো চোখে দেখা হয় না। দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ বংশীপুর নিবাসী মো. সাইদুর রহমান (৪৭) যৌথ বাণিজ্যের তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করে মন্তব্য করেন, শেয়ারে বিয়ে করা যায়, কিন্তু শেয়ারে ব্যবসা করা যায় না। সংগঠন বা সংঘ চেতনা সম্পর্কে তিনি বলেন, তিনজন বিদেশি এক হলে ইন্ডাস্ট্রি তৈরির পরিকল্পনা করে আর তিনজন বাংলাদেশি এক হলে গরু চুরির সিদ্ধান্ত নেয়। গরু চুরির ধান্দা বাদ দিয়ে আমরা কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে উদ্যোগী হই। তা হলে দেশ স্বনির্ভর হবে। বিরাজমান সামাজিক অবস্থা, আর্থিক অনটন, নিরক্ষরতা, হিংসা, অলসতা, অবহেলা, অনীহা, পারিবারিক বাধা প্রভৃতি কারণে সম্মিলিতভাবে কৃষিকাজ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। শিক্ষার অভাবে কৃষকরা সমবায়ভিত্তিক কৃষি উদ্যোগ গ্রহণ করতে সাহস পায় না। এজন্য কৃষকদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। ব্যাপক হারে গণসচেতনতা চালাতে হবে। কৃষিভিত্তিক বুনিয়াদি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করতে হবে। সমবায়ের সুফল ও সুযোগ সুবিধা সম্পর্কে কৃষকদের বিশেষভাবে ধারণা দিতে হবে।
দেশের কৃষকদের পরস্পরের মধ্যে চরম বিচ্ছিন্নতা বিরাজ করছে। এতে কৃষি সম্প্রসারণের কাজে নানাভাবে বাধা সৃষ্টি হচ্ছে। একই কারণে তারা নিজেদের দাবি-দাওয়া আদায় করতে এবং কৃষিজাত দ্রব্যাদি ন্যায্যমূল্যে বিক্রি করতেও ব্যর্থ হচ্ছেন। কৃষি উন্নয়নের জন্য গ্রামের কৃষকদের নিয়ে সংগঠন গড়ে তুলতে হবে। স্থানীয়ভাবেই শুধু নয়, জাতীয় ভিত্তিতে সুসংগঠিত হওয়াও কৃষকদের জন্য একান্ত প্রয়োজন।
যে দল বা দেশের লোক বিচ্ছিন্ন মনোভাব নিয়ে বসবাস করে তারা সুসংগঠিত দল বা দেশের দ্বারা শোষিত হয়ে থাকে। তাই শোষণমুক্ত সমাজ গড়ে তোলার বড় পথ হলো বিভিন্ন স্তরের জনগণকে সুসংহতভাবে গড়ে তোলা। এজন্য নিজেদের মধ্যে সহযোগিতা থাকা খুবই প্রয়োজন। সহযোগিতা বা মানুষের মিলিত শক্তিকে সংগঠনের মাধ্যমে মঙ্গলজনক কাজে ব্যবহারের জন্য সমবায় আন্দোলন গড়ে উঠেছে। অবশ্য এর প্রধান লক্ষ্য হলো জনগণের আর্থিক অবস্থার উন্নয়ন। সুতরাং এ দেশের কৃষক, তাঁতি, জেলে সবাইকে সমবায়ের কলাকৌশল আয়ত্ত করে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কাজে লাগাতে হবে। সবাইকে মনেপ্রাণে বুঝতে হবে সহযোগিতা এবং সমবায় হলো দেশ গড়ার বড় হাতিয়ার ও উন্নয়নের চাবিকাঠি।
তথ্যসূত্র: প্রতিদিনের সংবাদ
